
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মাইক্রোবাস থেকে ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাইক্রোবাসে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।
বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর ব্রিজ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাইক্রোবাসে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।