স্টাফ রিপোর্টার।।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আনিল ফয়সাল সায়মনকে কুমিল্লায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার।
গ্রেপ্তার আনিল ফয়সাল সায়মন কুমিল্লার বরুড়া উপজেলার বনকরা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। তার পরিবার বর্তমানে নগরীর টমছমব্রিজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। তিনি ইউল্যাবের শিক্ষার্থী। নিহত তানহা বিনতে বাশার একই জেলার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের আবুল বাশার ভূঁইয়ার মেয়ে এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ৩ নভেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ নভেম্বর তার বাবা আবুল বাশার ভূঁইয়া মোহাম্মদপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে সায়মনসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
নিহতের বাবা আবুল বাশার বলেন, তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য সায়মন দায়ী। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি আরও জানান, মামলার পর সায়মন এক মাসের জন্য উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিল।
এদিকে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি তৌহিদ আনোয়ার জানান, স্থানীয় লোকজন সায়মনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com