নিজস্ব প্রতিবেদক।।
বাড়ি থেকে কুমিল্লায় আসার পথে নিখোঁজ হয়েছেন নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান সরকার। গত চারদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারসংলগ্ন বাগরা সিএনজি স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন সাকিবুল। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ সাকিবুল হাসান সরকার কসবা উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. নুরুন্নবী সরকার ও রোজিনা আক্তার দম্পতির ছেলে। তিনি কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং প্রতিষ্ঠানটির হোস্টেলে থাকতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
সাকিবের মা রোজিনা আক্তার বলেন, ‘আমি বাগরা বাজারের কুমিল্লা সিএনজি স্ট্যান্ডে গিয়ে ছেলেকে সিএনজিতে তুলে দিয়ে এসেছি। এরপর থেকেই আমার ছেলে নিখোঁজ। আগে সে নিজেই নিয়মিত যাতায়াত করত।’
সাকিবের চাচা সুমন সরকার জানান, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সিএনজি স্ট্যান্ডে নামার পর সাকিবকে অটোরিকশায় করে কুমিল্লার কান্দিরপাড় এলাকার দিকে যেতে দেখা গেছে বলে তারা জানতে পেরেছেন। তার এক সহপাঠীও তাকে সেখানে দেখেছেন বলে পরিবারের কাছে তথ্য এসেছে।
এ ঘটনায় সাকিবের মা রোজিনা আক্তার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়ও পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। একই বিষয়ে দুইটি জিডি করার সুযোগ নেই। আমরা সমন্বিতভাবে কাজ করছি।’
এদিকে চারদিন ধরে ছেলের কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে সাকিবের পরিবার। কোনো ব্যক্তি সাকিবুল হাসান সরকারের সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: সুমন সরকার (চাচা) — ০১৭৯৩-৯৪৪৩৯৪।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com