স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও দেবিদ্বারে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টার ৩ শিশুকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬), দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের শাহাদাৎ হোসেনের মেয়ে নিহত ফারিয়া।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, পৃথক ঘটনায় পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতা ও পর্যাপ্ত তদারকির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে দেবিদ্বারে খালে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে ফারিয়া আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে বড়শালঘর ইউনিয়নের সংচাইল এলাকায় তিতাস নদীর শাখা লক্ষার খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা খোঁজা খোঁজি করে না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস কে খবর দিলে, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
নিহত ফারিয়া (৮) দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের শাহাদাৎ হোসেনের মেয়ে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইয়াছিন জানান - দুপুর সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় ফারিয়া (৮) তার বড় বোন সামিরা (১১) ও অন্য শিশুদের সাথে খালে গোসল করতে ওই খালে নামে। হঠাৎ সে স্রোতের টানে ভেসে যেতে শুরু করলে তার বোন ও প্রতিবেশী এক নারী তাকে বাঁচানোর চেষ্টা করেন, তবে স্রোতের তীব্রতায় সে হাত ফসকে পানিতে তলিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে দুই বোন স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যজনকে পরে ফায়ার সার্ভিস উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com