স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে কুমিল্লা মহানগর ও জেলা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের মিছিলে কিশোর গ্যাং লিডার রতনের অংশ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন।
মহসিনের দাবি, কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
রতন কিভাবে বা কার মাধ্যমে মিছিলে এসেছে, তা তিনি জানেন না। রতনকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্কও নেই বলে দাবি করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহসিন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে তার পেছনের সারিতে রতনকে হাঁটতে দেখা যায়।
তবে কিভাবে রতন মিছিলের অগ্রভাগে এলেন, সে বিষয়ে তিনি অবগত নন।
মহসিন বলেন, মিছিল শুরুর সময় মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সামনে ছিলেন। এরপর মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে তিনি সামনের সারিতে মহানগর ছাত্রদলের নেতাদের সঙ্গে ছিলেন। তাঁর পেছনে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।
মিছিলে কারা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মহসিন বলেন, বিষয়টি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, ‘আমি খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, রতন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লার বিভিন্ন নেতার ছত্রচ্ছায়ায় থেকে কিশোর গ্যাং পরিচালনা করেছিল। ওই সময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তার গ্যাং সংগঠিত করেছে। বর্তমানে তাকে আমার পেছনে লেলিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে একটি গ্রুপ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। রতন কিভাবে মিছিলে এলো, তা খতিয়ে দেখা হবে। শুধু মহসিন নয়, ছাত্রদলের কোনো নেতার সঙ্গে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যার পর কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূলে অভিযান জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত তিন দিনে কুমিল্লা মহানগরসহ জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে গ্যাং লিডারসহ ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযান শুরুর পর কিশোর গ্যাংয়ের নেতৃত্বে থাকা ব্যক্তিদের অনেকে আত্মগোপনে রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com