স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকা থেকে শাকিল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করে পরে অর্থ দাবির অভিযোগে করা মামলায় তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১-এর সহযোগিতায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক শাকিল কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালুয়াপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শাকিল বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতেন। একপর্যায়ে তাদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করতেন। পরে ওই ছবি ব্যবহার করে অর্থ দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এক ভুক্তভোগী নারী বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় শাকিলের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এসআই মোজাম্মেল বলেন, মামলার এজাহারনামীয় আসামি শাকিলকে র্যাব-১১-এর সহযোগিতায় টমছম ব্রিজ এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।