স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে পানিতে ডুবে একই পরিবারের চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র দুই বছর বয়সী শিশু দুটির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিয়াজী বাড়ির পরিবেশ।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২) ও জাহিদুর রহমানের ছেলে আদিল (২)। তারা পরস্পর চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশের পানিতে ডুবে যায় আয়ান ও আদিল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন শিশু দুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, ‘রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।’
এদিকে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিয়াজী বাড়ির পরিবেশ। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com