
নেকবর হোসেন।।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনজন নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পছন্দের প্রতীক পাওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুযায়ী- কুমিল্লা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান পেয়েছেন তালা প্রতীক। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম পেয়েছেন কলস প্রতীক। এখানে বিএনপির প্রার্থী এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনে মোট ৮০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭৬ জন প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীকে এবং চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। স্বতন্ত্রদের মধ্যে তিনজন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং একজন হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক মু. রেজা হাসান সাংবাদিকদের জানান, কুমিল্লার ১১টি আসনে ২৫টি দলের ৭৬ জন প্রার্থী ও চারজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একজন প্রার্থী হাইকোর্টের রায় নিয়ে এসেছেন, সেটি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com