আতাউর রহমান।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়কে বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে রমজান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার তৃতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে কংশনগর পূর্ব বাজার এলাকার সড়কে পানি জমে যায়। এতে সড়কের ভাঙাচোরা অংশের গর্তগুলো পানির নিচে তলিয়ে যায়। এ অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বড় একটি গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রমজান হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কংশনগর এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় আমার ওয়ার্ডের বাসিন্দা রমজান হোসেন নিহত হয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছি। বাদ এশা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, এ ধরনের কোনো দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে কেউ জানায়নি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সড়কের ভাঙাচোরা অংশ মেরামত এবং বৃষ্টির সময় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হলেও তা সংস্কার না করায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com