নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২। এ সময় ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে ১ লাখ ৯৪ হাজার পিস চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই দিন সকালে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালি থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত বিল্লালের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হয়েছে। মাদক ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com