স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫৯ কিশোরকে আটক করার পর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আটক কিশোরদের ছাড়িয়ে নিতে তাদের অভিভাবক ও স্বজনেরা থানায় ঢুকে হট্টগোল ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতর থেকে কয়েকজন আটক কিশোর পালিয়ে যাওয়ার কথাও জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে। পরে থানার ভেতরের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া এক মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি মডেল থানার ভেতরে নারী, পুরুষ, শিশু ও কিশোরসহ কয়েকশ মানুষ অবস্থান করছেন। থানার বিভিন্ন কক্ষেও লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে দাউদকান্দি মডেল থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালান। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫৯ কিশোরকে আটক করা হয়।
আটকের খবর ছড়িয়ে পড়লে কিশোরদের অভিভাবক ও স্বজনেরা থানায় জড়ো হন। একপর্যায়ে তারা থানার ভেতরে প্রবেশ করে সন্তানদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় হট্টগোলের পাশাপাশি থানার আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতির মধ্যে আটক কয়েকজন কিশোর থানার ভেতর থেকে পালিয়ে যায় বলেও জানা গেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে সন্ধ্যা থেকে থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫৯ জনকে আটক করা হয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা সন্তানদের ফিরিয়ে নিতে থানায় এসে হট্টগোল শুরু করেন।’
তিনি বলেন, এ সময় একটি পুরোনো দরজার অংশ খুলে যায়। লোকজনের ভিড়ে কয়েকটি চেয়ারও উল্টে যায়।’
ওসির দাবি, আটক কিশোরদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না, তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিত নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
এদিকে, একই সময়ে কুমিল্লা জেলার ১৮টি থানা ও পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকাতেও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com