স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে একসঙ্গে বসে তাস খেলতে দেখা যায়। এ সময় তাঁদের সামনে ও হাতে কিছু টাকা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানও রয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফরিদ উদ্দিন খান দীর্ঘদিন ধরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর জুয়া খেলার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা একজন নেতার এমন কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনা তৈরি হয়েছে।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির একাধিক নেতার দাবি, স্থানীয় স্রোন্দ্রম সরকার পুকুরপাড়ে ফরিদ উদ্দিন খানকে প্রায়ই জুয়ার আসরে দেখা যায়। তাঁদের অভিযোগ, এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চললেও তা বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘এ ধরনের অপরাধ দল কোনোভাবেই সমর্থন করে না। শুনেছি, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। যদি তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে কীভাবে নির্বাচন করবেন? আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে সুনির্দিষ্ট ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com