স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) কোতয়ালী মডেল থানা পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর এলাকায় শাহেদ নামে এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ভেতরে পরিত্যক্ত স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. জাকির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে শাসনগাছা এলাকায় রেললাইনের পূর্ব পাশে নন্দু মুচির ঘরের সামনের গলি থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মো. মিজানুর রহমান (৪৬) ও মো. রাসেল (৫৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া একই দিন আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে সোপর্দ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন।
আদালত একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, দুজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, ছয়জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com