স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানে এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২ আগস্ট) ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
১০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় পৃথক দুটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লার চৌয়ারা বাজার এলাকা এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ফেনীর উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। পরে এসব পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com