জহিরুল হক বাবু।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসেনকে ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনের অন্তর্ভুক্ত বুড়িচং উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৯টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৪ হাজার ৯৩৮ এবং বাতিল ভোট ৩ হাজার ৬৫১টি। ভোটের হার ছিল ৫৫ দশমিক ৩০ শতাংশ। এ উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৫৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ৬৭ হাজার ১১ ভোট। বুড়িচংয়ে প্রায় ৭ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন বিএনপি প্রার্থী।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ১৩ হাজার ৫৯৬টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ১০ হাজার ৮০৫টি, যা শতকরা ৫৮ দশমিক ২১ শতাংশ। এ উপজেলায় বিএনপির প্রার্থী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৫৭ হাজার ৭৭৯ ভোট এবং জামায়াতের প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ৫১ হাজার ১৮৭ ভোট। এখানেও উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকেন জসিম উদ্দিন।
প্রবাসী ও চাকরিজীবীদের পোস্টাল ভোট পড়েছে ৮ হাজার ২৯৬টি। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ হাজার ৯৪৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬ হাজার ৩৪৯ ভোট। পোস্টাল ভোটে এগিয়ে থাকলেও সামগ্রিক ফলাফলে ব্যবধান কমাতে পারেননি জামায়াত প্রার্থী।
দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপির প্রার্থী মোঃ জসিম উদ্দিন মোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পান। অপরদিকে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন পান ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ফলে বেসরকারি ফলাফলে ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।
রাতে বুড়িচং উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। ব্রাহ্মণপাড়া উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com