মোঃ তাজুল ইসলাম।।
অনতিবিলম্বে “জুলাই সনদ” ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জেলা উত্তরাঞ্চলে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও দেবীদ্বার উপজেলার বিভিন্ন সড়কে বৃষ্টি উপেক্ষা করে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, গ্যাসের দাম কমানো, “জুলাই সনদ” দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি জানান।
১১ দলীয় জোটের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ আবারও রাজপথে নেমে এসে তাদের দাবি আদায় করবে।”
এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হাকিম ভুঁইয়া, মাওলানা আমিনুল ইসলাম, জেলা শূরা সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকি, মোঃ সাইফুল আলম, জাতীয় নাগরিক পার্টি চান্দিনা উপজেলার প্রধান সমন্বয়ক অভি চৌধুরীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com