মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নিমসার ব্লাড ব্যাংক-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সংগঠনের নতুন টি-শার্ট উন্মোচন এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রবাসী উইং গঠনের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৬৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ইমন হাসান সভাপতি এবং মো. তারেক হাসান অভি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিমসার ব্লাড ব্যাংক শুধু রক্তদানের কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বলেন, "রক্তদানের প্রতিশ্রুতি দিয়ে, আপনিও রক্ত সংগ্রহ করুন"—এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
বক্তারা জানান, ২০২০ সালের করোনা মহামারির সময় সংগঠনটি অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে। এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ঘর নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো. কাউছার মাহমুদ, মো. সোলাইমান, মো. ফারুক আহমেদ ও মো. রাকিবুল হাসান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, ফয়সাল মাহমুদ ও মো. জোবায়ের ইসলাম। এছাড়াও কমিটিতে ৮ জন সম্মানিত কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে মোট ৬৯ জন দায়িত্ব পেয়েছেন।
এদিকে সংগঠনের কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো ২৩ সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক প্রবাসী উইং গঠন করা হয়। এতে নূর মোহাম্মদ বাপ্পী (অস্ট্রেলিয়া)-কে প্রবাসী বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং মো. মেহেদী হাসান (যুক্তরাষ্ট্র)-কে সিনিয়র প্রবাসী বিষয়ক প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
এছাড়া প্রবাসী বিষয়ক যুগ্ম সমন্বয়কারী হিসেবে মো. রাকিব তুহিন (সৌদি আরব), আন্তর্জাতিক ফান্ড রেইজিং সমন্বয়কারী মো. নাহিদ হাসান (অস্ট্রেলিয়া), আন্তর্জাতিক জনসংযোগ সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম (জাপান) এবং প্রবাসী স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মো. সোহেল রানা (সৌদি আরব) দায়িত্ব পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আরও ১৪ জন প্রবাসীকেও কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আনিসুর রহমান, মেরিন ইঞ্জিনিয়ার ও উপদেষ্টা পরিষদের সদস্য গাজী আরিফুল ইসলাম, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সাংবাদিক মো. জাকির হোসেন, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা কাজী সাইদুর রহমান স্বাধীন, সিনিয়র স্বেচ্ছাসেবক ও সংগঠক আমির হোসেন সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. বিল্লাল হোসেন অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com