
আলমগীর হোসেন।।
নিরাপদ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যুবসমাবেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের নেতৃত্বে এ সমাবেশ আয়োজন করা হয়।
হগগলে মিল্লা-জিল্লা, পরিচ্ছন্ন কুমিল্লা প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচি একটি স্বাস্থ্যসম্মত ও টেকসই নগর গঠনে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে বাস্তবায়নাধীন “নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্প”-এর আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এ আয়োজন করা হয়।
যুবসমাবেশের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম। আচরণ পরিবর্তন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে ৩০০ জনের বেশি তরুণ অংশগ্রহণকারী, ৫০ জন অংশীজন ও স্বেচ্ছাসেবক, পাশাপাশি ১০টি স্কুল ও ৫টি কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। কর্মসূচির মধ্যে ছিল দেয়াল পত্রিকা প্রদর্শনী ও আইডিয়া প্রতিযোগিতা, যেখানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
সমাবেশে গৃহস্থালি পর্যায়ে নিরাপদ বর্জ্য সংরক্ষণ ও অপসারণ, বর্জ্য পৃথকীকরণকে দৈনন্দিন অভ্যাসে রূপান্তর, গৃহস্থালি বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের ভূমিকা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ের যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাবেশের তাৎপর্য তুলে ধরে এসইউডব্লিউসি প্রকল্পের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (বিসিসি) অ্যাডভাইজর এহসানুর রহমান আবীর বলেন, আচরণভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি, বিশেষ করে বিহেভিয়ার সেন্টারড ডিজাইন (BCD), নিরাপদ বর্জ্য সংরক্ষণ ও পেশাদার বর্জ্য সংগ্রহ ব্যবস্থার সম্প্রসারণে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক তাঁর বক্তব্যে যুবনেতৃত্বাধীন এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং তরুণ নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব। এতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পাশাপাশি একটি দক্ষ ও সম্পদশালী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com