আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদা জাহান বদলিজনিত বিদায়ের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।
রোববার ( ১৯ জুলাই ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল আইডিতে এ পোস্ট দেন তিনি।
সেখানে তিনি তার দেড় বছরের কর্মজীবনে ব্রাহ্মণপাড়াবাসীর কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের দাপ্তরিক কাজ পরিচালনাকালে তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য ক্ষমাও চেয়েছেন।
পোস্টে বিদায়ী ইউএনও মাহমুদা জাহান লিখেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় দেড় বছর ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনের সুযোগ হয়েছে তার। এ সময় স্থানীয় সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। যার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে নিজের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছেন। যদিও প্রত্যাশা অনুযায়ী সবকিছু করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি।
পোষ্টের সবচেয়ে আবেগঘন অংশে বিদায়ী ইউএনও লেখেন, "আমার সব কৃতিত্বের ক্রেডিট আপনাদের, আর ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার আমার নিজের।" একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কর্মকালীন তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে বিদায়ের মুহূর্তে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থী।
বিদায়বেলায় ব্রাহ্মণপাড়াবাসীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসার কথা উল্লেখ করে মাহমুদা জাহান লেখেন, এই ভালোবাসা তিনি সারা জীবন মনে রাখবেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, "ভালো থাকুক প্রিয় ব্রাহ্মণপাড়া, ভালো থাকুক ব্রাহ্মণপাড়ার মানুষগুলো।"
ইউএনও মাহমুদা জাহানের এই বিদায়বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও মানবিক আচরণের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন। অনেকে নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করেছেন এবং ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদানের কথাও স্মরণ করেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com