বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দুই মিনিটের ওই ভিডিও ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভাইরাল হওয়া ২ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপজেলা সদরের পরিত্যক্ত কার্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন যুবক অবস্থান নিয়ে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল; কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী তোফায়েল আহমেদ সুমনসহ কয়েকজন তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন। লাইভের পরপরই ভিডিওটি বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি শেয়ার করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, দক্ষিণ জেলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এহতেশামুল হাসান ভূঁইয়া এবং দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছোবহান সেলিমসহ কয়েকজন নেতা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এদিকে বুড়িচং উপজেলা যুবলীগের নেতা আমিনুল ইসলাম রাসেল ফেসবুকে লেখেন, “ত্যাগী ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ। যখন অনেকে ভয়ে নীরব, তখন ত্যাগীরাই রাজপথে দাঁড়ায়।”
অন্যদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মী পরিত্যক্ত কার্যালয়ের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। ছাত্রদলের কয়েকজন নেতা বলেন, সংগঠন নিষিদ্ধ ঘোষণার পরও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতা-কর্মী পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, যা এলাকায় নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি করছে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বৃহস্পতিবার দুপুরে বলেন, ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে রাতভর অভিযান চালানো হলেও এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com