জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে করিম বাউলের গান, লালনগীতি ও বাংলা লোকসংগীত পরিবেশন করা হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী এইসব সংগীত পরিবেশনায় পুরো মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে গান উপভোগ করেন এবং নববর্ষের আনন্দে মেতে ওঠেন।
অনুষ্ঠানটি বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন, কামাল হোসেন ও মোঃ হুমায়ুন কবির, বুড়িচং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ তৈরি করে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com