আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা সদরের দক্ষিণ বাজারে অবস্থিত নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
এছাড়াও এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও দেশগঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহিত করা হয়। এছাড়া সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com