আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা চৌমুহনী এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সড়কে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল ) দুপুরের দিকে তিনি তাৎক্ষণিক জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া অংশের টাটেরা চৌমুহনী এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুম বা ভারী বৃষ্টিপাতে সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উপজেলায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়। এতে কুমিল্লা-মিরপুর সড়কের ওই অংশে বৃষ্টির পানি জমে সড়কে যানচলাচল বিঘ্নিত হয় এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হয়। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান নিজে গিয়ে উপস্থিত থেকে সড়কের জলাবদ্ধতা নিরসন করেন।
এদিকে সড়কের যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ইউএনওর উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা স্থায়ী সমাধানের জন্য সড়কটি উঁচু করার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, আপাতত সড়ক থেকে পানি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক থাকে।
তিনি আরও বলেন, তবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট স্থানটি উঁচু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com