আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৪ মাস পর শুরু হওয়া এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ২৭১ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (২৮ জুন ) সকালে উপজেলা সদরের উপজেলা পরিষদ মডেল স্কুলে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাঈম আব্দুল্লাহ, ইপিআই প্রধান আবুল কাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি স্থায়ী কেন্দ্রসহ ১৯৩টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন 'এ' ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রের পাশাপাশি আরও ১৯২টি অস্থায়ী কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করছেন। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে এ কর্মসূচির আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে এসে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করেন তিনি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com