স্টাফ রিপোর্টার।।
ব্যক্তিগত ছবি ও তথ্য ব্যবহার করে ডিজিটাল হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, প্রতারণা এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টার অভিযোগ উঠেছে কুমিল্লায়। এ ঘটনায় কয়েকজন নারী ও পুরুষের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মজুদ আবদুল্লাহ।
গত ৩ আগস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে মজুদ আবদুল্লাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তার ব্যক্তিগত জীবন, পেশাগত অবস্থান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানোর পাশাপাশি ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তার ব্যক্তিগত ছবি, মোবাইল ফোন ও অন্যান্য তথ্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হয়রানির চেষ্টা করা হয়েছে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
মজুদ আবদুল্লাহর দাবি, এসব বিষয়ে আগে বিভিন্ন পর্যায়ে প্রতিকার চাওয়ার চেষ্টা করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি। পরে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের কর্মকাণ্ড খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। তার কাছে থাকা মোবাইল ফোনের তথ্য, নথি ও অন্যান্য প্রমাণ তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com