মো. হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার এবং অভিযুক্ত দুর্ধর্ষ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ মোহাম্মদ ইমরাজ খান পিন্টু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ ঝলম ইউনিয়নের কেশতলা গ্রামের হাজীবাড়ির বাসিন্দা শামীম আলম সৈকতের বসতঘরের গেটের তালা ভেঙে মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে তার মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী শামীম আলম সৈকত অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআই সুদীপ্ত শাহীন ও এএসআই মোছলেহ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকায় অভিযুক্তের বসতঘর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং ইমরাজ খান পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, "তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com