রিপোর্টার, কুমিল্লা।।
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার ১৮ থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানায়, মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৯৮টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মাদক মামলায় আরও ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com