
মাহবুব আলম আরিফ।।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “মুরাদনগর থেকে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রধান কাজ।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের নবীয়াবাদ এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ একটি বড় অংশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিয়েছে। গ্রাম-গঞ্জে মাদক ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। তরুণদের রক্ষা করতে হলে প্রথমেই মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বহু শিক্ষিত তরুণ আজ বেকার তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রয়োজনে কুটির শিল্পসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এলে অবহেলিত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান নারীদের সম্মান ও নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড চালুর পরিকল্পনা নিয়েছেন।”
আওয়ামী লীগের শাসনামলে নিজের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, “আমার প্রতি অনেক জুলুম করা হয়েছে। কিন্তু আল্লাহ আমাকে সকল নির্যাতন থেকে উদ্ধার করে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে এনেছেন।”
মুরাদনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঢাকায় গেলে সাধারণ মানুষ তাকে আন্তরিকভাবে সংবর্ধনা দিয়েছেন। “ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ভোটে ধানের শীষকে বিজয়ী করে আবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন,” বলেন তিনি।
পথসভা চলাকালে কায়কোবাদের সঙ্গে হাত মেলাতে রাস্তার দুই পাশে উৎসুক জনতার ঢল নামে। একপর্যায়ে পথসভাগুলো জনসভায় রূপ নেয়।
এ সময় বিভিন্ন ইউনিয়নের খৈয়াখালী, হাটাস, পূর্বধৈইরের হিরাপুর, কুরবানপুর ও টনকী ইউনিয়নের বাইরা পথসভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com