
বুড়িচং প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইনের নেতৃত্বে র্যালিটি বের হয়।
র্যালিটি বুড়িচং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিচার্স মার্কেটে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা–৫ আসন (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) থেকে এমপি পদপ্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, “দেশ ও জাতির কল্যাণে সকল বিভেদ ভুলে আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব।”
তিনি বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণকে দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা–৫ আসনের নির্বাচন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন ও মো. ফারুক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বুড়িচং উপজেলা সভাপতি মো. সফিউল্লাহ, জামায়াত মনোনীত ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল, বুড়িচং পৌরসভার আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খানসহ দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com