স্টাফ রিপোর্টার।।
সৌদি আরবের দাম্মামে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় খাইরুল ইসলাম নামে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নির্মাণকাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম (২৬) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা পদুয়া পাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। তিনি সাড়ে চার বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে দাম্মামে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন খাইরুল। কাজ করার এক পর্যায়ে হঠাৎ ‘গ্রাইন্ডিং’ মেশিন ছিটকে তাঁর বুকে এসে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত যুবকের প্রতিবেশী এস এম মুস্তাফিজুর রহমান জানান, খাইরুলের অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে তাঁর মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, পরিবারের অসচ্ছলতা দূর করতে সাড়ে চার বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন খাইরুল। তাঁর বাবা-মা অত্যন্ত অসহায়। তাঁর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com