স্টাফ রিপোর্টার।।
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজে অংশ নেওয়া ৪ হাজার ৩৪১ হাজীকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। সৌদি আরবে বাড়িভাড়া কম হওয়া এবং আলোচনা করে সার্ভিস চার্জ কমাতে পারায় এ অর্থ অব্যয়িত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এদিন ১০ জন হাজীর হাতে আনুষ্ঠানিকভাবে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়। অন্য হাজীদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে।
মন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজে নির্ধারিত বরাদ্দের চেয়ে কম মূল্যে বাড়ি ভাড়া করা সম্ভব হয়েছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জও কমানো হয়েছে। ফলে অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “হাজীদের স্বার্থে সরকারের এমন অর্থ ফেরত প্রদানের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”
হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর হোটেল বুল্লরা আল দুররার পূর্ণ প্যাকেজের হাজীরা জনপ্রতি ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজীরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা ফেরত পাবেন।
এ প্যাকেজে দুই সিটের আপগ্রেডেশনে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনে সর্বোচ্চ ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা পর্যন্ত ফেরত দেওয়া হবে।
হজ প্যাকেজ-২-এর হোটেল লুলুয়াত আল তাওহীদে ক্যাটাগরিভেদে ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা থেকে ৭৮ হাজার ৭১৩ টাকা ৯৪ পয়সা পর্যন্ত ফেরত পাবেন হাজীরা।
হোটেল রাওদাত আল শুরুকের হাজীরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা থেকে ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা এবং হোটেল মানার আল শুরুকের হাজীরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা থেকে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা পর্যন্ত ফেরত পাবেন।
হজ প্যাকেজ-৩-এর হোটেল নাম্বার ওয়ানের পূর্ণ প্যাকেজের হাজীরা জনপ্রতি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।
তবে চিকিৎসা ব্যয় স্বাস্থ্যবীমার নির্ধারিত অর্থের চেয়ে বেশি হওয়ায় ২৩ জন হাজী কোনো অর্থ ফেরত পাবেন না।
এদিকে বেসরকারি ব্যবস্থাপনার হজকে নিরুৎসাহিত করা হচ্ছে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, সরকারের এমন উদ্যোগের মাধ্যমে বরং সবাই উৎসাহিত হবে।
২০২৭ সালে বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা
হজের ব্যয় কমিয়ে সাধারণ মানুষের জন্য ইবাদতটি সহজ করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বলে জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, ২০২৬ সালে আগের বছরের তুলনায় হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নিবিড় মনিটরিংয়ের কারণে ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার কোনো ফ্লাইট বিপর্যয় বা বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নিবন্ধিত সব যাত্রী হজ পালন করেছেন।
এদিকে রিফান্ডের টাকা দেওয়ার কথা বলে প্রতারণা থেকে হাজীদের সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, টাকা পাঠানোর জন্য কখনোই ডেবিট-ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন/ওটিপি চাওয়া হয় না। এ ধরনের ফোন বা বার্তা পেলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com