সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
রমজানকে সামনে রেখে বাজারে অস্থিরতা রোধ, অতিরিক্ত মুনাফা নিয়ন্ত্রণ এবং মজুতদারি প্রতিরোধে এ তদারকি জোরদার করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন দোকানে সরেজমিনে গিয়ে পণ্যের ক্রয় ভাউচার পরীক্ষা করা হয়। পাশাপাশি খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কি না এবং অবৈধভাবে কোনো পণ্য মজুত রাখা হয়েছে কি না, তা যাচাই করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুই বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, “জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নাগালে দ্রব্যমূল্য রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com