
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর বাজারে অবস্থিত রিয়াব ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. মামুন অর রশিদ।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে পরিচালিত হচ্ছে এবং অনুমোদিত ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট প্রদান করা হচ্ছে। এসব অনিয়মের মাধ্যমে সেবা গ্রহণকারীদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে প্রমাণিত হয়।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কার্য সম্পাদন) প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com