স্টাফ রিপোর্টার।।
দেশের প্রায় দুই লাখ দলিল লেখকের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সম্প্রদায়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি দলিলের জন্য ৫ হাজার টাকা সম্মানি ভাতা, পেশাগত স্বীকৃতি, সরকারি কার্যালয়ে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্ধারণ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি।
সোমবার (২৪ আগস্ট) কুমিল্লা জেলা দলিল লিখক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে দেশের জনগণকে সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছেন। এ খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ৮ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। অথচ জনগুরুত্বপূর্ণ এই পেশার সঙ্গে যুক্ত দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে নানা ধরনের পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন।
দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না; প্রতিটি দলিলের জন্য ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন করতে হবে; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রেশনের জন্য দলিল লেখকের মাধ্যমে প্রস্তুতকরণ ব্যবস্থা বহাল রাখতে হবে।
এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেওয়া বন্ধে কার্যকর বিধান করার দাবি জানানো হয়। পাশাপাশি থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণের দাবিও রয়েছে।
সভায় নেতারা বলেন, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতেই দলিল প্রস্তুত করা হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখা বা মুসাবিদার জন্য দলিল লেখকদের আসামি করা যাবে না। একই সঙ্গে দলিল লেখকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণে দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির দাবিও জানানো হয়।
দলিল লেখক সম্প্রদায়ের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণকে সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা দিয়ে আসলেও তাদের পেশাগত মর্যাদা ও অধিকার এখনো যথাযথভাবে নিশ্চিত হয়নি। তারা সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ সময় দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর ও কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক, ২ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর মো: বিল্লাল। তিন তিনবারের সফল কাউন্সিলর, কুমিল্লা জেলার দলিল লেখক সমিতির উপদেষ্টা, কাজী গোলাম কিবরিয়া। কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির উপদেষ্ট ও,২ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আজাদ। ২ নং ওয়ার্ডের বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা সদর দলের লেখক সমিতির উপদেষ্টা মোঃ জসিম।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লিখক সমিতির সভাপতি হাজী মঞ্জু, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সজিব, সিনিয়র সহ-সভাপতি নাজিরুল ইসলাম হুমায়ুন এবং সদর দলিল লেখক সমিতির সভাপতি জামাল উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com