
নিজস্ব প্রতিবেদক।।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাচভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
প্রতি বছরের মতো চলতি বছরও ইনফিনিটির পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং ২০০১ ব্যাচের বিভিন্ন জেলার সমাজকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বন্ধুদের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে ‘ইনফিনিটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন জেলায় বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংগঠন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ও স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রের খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে। চলতি বছর আরও অন্তত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও সম্পন্ন করেছে সংগঠনটি।
সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশ ২০২৪ সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।

ইনফিনিটির কর্মকাণ্ড শুধু বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২১ সালের ৬ জুন ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। প্রি-মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সহায়তা, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানো এবং বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সংগঠনটি।
এছাড়া ইনফিনিটির পরিচালনা পরিষদের বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুদের উদ্যোগে জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় তিনটি ফ্রি চিকিৎসা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে মাত্র ৫০ টাকা ফিতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ইনফিনিটি এসএসসি-২০০১, বাংলাদেশের ফাউন্ডার মো. আব্দুল মতিন রনি বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু একজন মানুষের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা এ কর্মসূচি শুরু করেছি। দেশের বিভিন্ন জেলার বন্ধু, সমাজকর্মী ও শিক্ষকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তা আমাদের আরও উৎসাহিত করছে।’
তিনি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে এগিয়ে আসা সকল সমাজকর্মী, শিক্ষক ও ২০০১ ব্যাচের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ইনফিনিটির পরিচালনা পরিষদের দায়িত্বশীল বন্ধু ডা. তানিয়া হাফিজ, আরজু রাজু, কামরুল হাসান, সুলতানা পপি, নুরুল আলম, আয়েশা সিদ্দিকী, আল-আমিন রাকিব, সাকিল সুমন, সেলিনা, পলাশ, দিলরুবা জলি, জামির, রেজোয়ান রনি, জাকির, ডিকেন, রাসেল ও রানা বুলবুলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।