কুমিল্লায় মিছিল-শোডাউনের সময় ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও শোডাউনের প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তারা মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Post Inside

বিষয়টি জানতে পেরে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) ও সাইফুল (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি পার্শ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে এবং অপর তিনজনের বাড়ি মুরাদনগর উপজেলার জাহাজপুর ইউনিয়নে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় এজাহারনামীয় ২২ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে বুধবার সকালে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!