কুমিল্লা ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে মিডিয়া সিক্সার্সকে হারিয়ে ফাইনালে নিউজ নিঞ্জাস

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মিডিয়া সিক্সার্সকে ২৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজ নিঞ্জাস। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন নিউজ নিঞ্জাসের খেলোয়াড় ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

Post Inside

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজ নিঞ্জাসের অধিনায়ক সাদিক মামুন। ব্যাট করতে নেমে ১৫ ওভারে ১০৬ রান তুলে অলআউট হয় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ইশতিয়াক আহমেদ। এ ছাড়া অমিত মজুমদার ২০, মাহফুজ আনোয়ার সৌরভ ১০, সাফি ৮ ও সৈয়দ রাজীব ৮ রান করেন।

মিডিয়া সিক্সার্সের হয়ে বল হাতে আজাদ তিনটি এবং সেলিম, সজিব ও সাকিব দুটি করে উইকেট নেন।

১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজ নিঞ্জাসের বোলারদের তোপের মুখে পড়ে মিডিয়া সিক্সার্স। দলটি ৭৮ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন সোহরাব সুমন। নিউজ নিঞ্জাসের হয়ে ইশতিয়াক আহমেদ ও মুন্না তিনটি করে উইকেট নেন। ফলে ২৭ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজ নিঞ্জাস।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক আগামী সময়ের প্রতিনিধি মীর শাহ আলম, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা শহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহ আলম শফি, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ মিয়া, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, সদস্য মো. শহিদুল্লাহ, সাবেক দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী এবং নির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আব্দুল হক, দিঘীর চাপের পরিচালক মো. কাউসার, আফসু ডেভেলপারস লিমিটেড ও আফসু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইমন, আল হামরা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা ওয়াটার সেন্টারের পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন। তাঁদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

আরো পড়ুন
error: Content is protected !!