আলমগীর কবির।।
উসমান হাদির হত্যার বিচার ও শহীদ হাদীর গ্রাফিতিতে রঙ নিক্ষেপের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিচার দাবি করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন ভিক্টোরিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, আয়মান নাফিস, তামান্না ইসরাত, দীপ্তি ইসলামসহ আরও অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উসমান হাদীকে হত্যার ২৭ দিন পার হলেও এখন পর্যন্ত মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। হত্যার সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। তারা অভিযোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও একটি নির্মম হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা হাদীর বিচার চেয়ে রাজপথে নেমেছি, কিন্তু আমাদের দাবি উপেক্ষিত হচ্ছে। হাদীর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
বক্তারা অভিযোগ করেন, ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অঙ্কিত শহীদ হাদীর গ্রাফিতিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা কালি ও রঙ নিক্ষেপ করে তা বিকৃত করেছে। তারা একে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, “একজন হাদীকে হত্যা করা হলেও হাজার হাজার হাদী আজ রাজপথে দাঁড়িয়ে আছে। গ্রাফিতি মুছে দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না।”
সমাবেশ থেকে অবিলম্বে উসমান হাদী হত্যার সঙ্গে জড়িত খুনি ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে গ্রাফিতি বিকৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।











