কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত ভুয়া আইডি কার্ডের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সিআইডি লেখা কটি পরা ছবি পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর শাসনগাছা এলাকায় ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেল থামার সংকেত দিলে চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল বলে জানান। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ না থাকায় কর্তব্যরত সার্জেন্ট সেটি ডাম্পিংয়ে পাঠান।

Post Inside

পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন রাসেল হোসেন। তার পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। পরে ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় যাচাই করে।

এ সময় নিশ্চিত হওয়া যায়, রাসেল সিআইডির কোনো কর্মকর্তা নন। তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত ভুয়া আইডি কার্ডের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা ছবি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভুয়া পরিচয়ে প্রতারণা বন্ধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!