
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত শরিফ মিয়া (৩৫) পালিয়ে গেছেন।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তারা আলাদা হয়ে যান।
তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, কন্যাসন্তান সুমাইয়াকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি ছিলেন না সুখিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। মেয়েকে নিজের কাছে না পাওয়ার ক্ষোভ থেকেই শরিফ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সুখিয়া বেগম কোম্পানীগঞ্জ বাজারে কেনাকাটা করতে গেলে তাঁর প্রাক্তন স্বামী শরিফ মিয়া হঠাৎ তাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।