বুড়িচংয়ে যাত্রা শুরু করল স্পেস আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড

স্টাফ রিপোর্টার।।
নিরাপদ, টেকসই, আধুনিক ও নান্দনিক স্থাপনা নির্মাণের প্রত্যয়ে কুমিল্লার বুড়িচংয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্পেস আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

এ উপলক্ষে গত ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় বুড়িচং বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন হাজী ম্যানশনের (নিউ ফার্মেসির ওপরে) প্রতিষ্ঠানের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Inside

মো. আলী আকবর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী খোরশেদ আলম। প্রতিষ্ঠানের পরিচালক স্থপতি মো. আবদুল কাদের ও ইঞ্জিনিয়ার মো. সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. ফরহাদ হোসেন, আবদুল অদুদ, মো. সোলেমান, এনামুল হক সোহেল, মহিউদ্দিন সবুজ, মাহবুব হাসান পাভেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ভবন কেবল ইট, বালু ও সিমেন্টের সমন্বয়ে তৈরি স্থাপনা নয়; বরং এটি মানুষের স্বপ্ন, জীবনযাপন ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। তাই ভবন নির্মাণে নান্দনিকতার পাশাপাশি নিরাপত্তা, স্থায়িত্ব, পরিকল্পিত নকশা ও গুণগতমান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং স্থপতিদের মাধ্যমে সঠিক পরিকল্পনায় ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রতিষ্ঠানটি থেকে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, ল্যান্ডস্কেপ অ্যান্ড আরবান ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে, থ্রিডি (3D) ডিজাইন এবং পৌরসভা ও সিটি করপোরেশনের অনুমোদনসংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের পরিচালক স্থপতি মো. আবদুল কাদের বলেন, গ্রাহকের আস্থা, পেশাদারিত্ব, সঠিক পরিকল্পনা ও গুণগতমানকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে চায়। বুড়িচংসহ আশপাশের এলাকার মানুষের জন্য পরিকল্পিত, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব স্থাপনা নির্মাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলহাজ্ব মাওলানা মো. আবদুল জব্বার পীর সাহেবের পরিচালনায় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
error: Content is protected !!