
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং থেকে শিক্ষা সফরে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাশিক্ষিকা ও এক পত্রিকার ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) এবং দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪)। তিনি একই মাদ্রাসার সহকারী অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলার স্বামী। নাদিরা আফরোজ মেঘলাও এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরের আয়োজন করা হয়। এ উদ্দেশ্যে দুটি বাসে করে তাঁরা কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন। শনিবার ভোরে বাস দুটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। দুর্ঘটনায় দুজন নিহত হন এবং অন্তত ২৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে মাদ্রাসার বিপিএড শিক্ষক আলামিন বলেন, অসুস্থতার কারণে তিনি শিক্ষা সফরে যেতে পারেননি। তবে দুর্ঘটনার খবর পেয়েছেন। এতে দুজন মারা গেছেন এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর বুড়িচংয়ে পৌঁছালে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিক্ষা সফরে গিয়ে একই প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকের এমন প্রাণহানিতে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে দোয়া করছেন তাঁদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। নিহত হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিলের নামাজে জানাজার সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।