
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে দেশীয় ধারালো অস্ত্র, মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

পুলিশ জানায়, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল এবং ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ আটক করা হয়। একই অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, নগরীতে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের পাশাপাশি ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।