
স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে পৃথক স্থানে গাছ কেটে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মহাসড়কের পাশে তিনটি বড় গাছের একাংশ কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়। এর আগে একই মহাসড়কের আরেকটি স্থানে একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখার ঘটনা ঘটে।
বুধবার দুপুরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান ও মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ফেনী সীমান্তসংলগ্ন চৌদ্দগ্রামের লাটিমি রাস্তার মাথার বাঁশতলা এলাকায় এবং মিয়াবাজারের ফুড প্যালেসের সামনে সড়কের পাশের তিনটি বড় গাছের প্রায় এক-তৃতীয়াংশ কেটে রাখে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় গাছগুলো কাটা হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গাছগুলো কেটে অপসারণ করেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে একই মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা মাদ্রাসা রোড এলাকায় একটি কড়ইগাছ কেটে সরাসরি সড়কের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের অবশিষ্ট অংশ কেটে অপসারণ করা হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, মহাসড়কের পাশে একটি গাছ অর্ধেক কাটা অবস্থায় পাওয়া যায়। ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় গাছটি কেটে অপসারণ করা হয়েছে। গাছগুলো নাশকতা নাকি চুরির উদ্দেশ্যে কাটা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।