
সোনিয়া আফরিন।।
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহীদের ভাষা শিক্ষার সুযোগ করে দিতে কুমিল্লার হোমনায় যাত্রা শুরু করেছে ‘শিন হিকারি’ জাপানি ভাষা শিক্ষা একাডেমি। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের আল-রশিদ প্লাজার তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান প্রধান সাংবাদিক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বিএমএসএফ সভাপতি সৈয়দ আনোয়ার, সহ-সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, হোমনা ডিগ্রি কলেজের আইসিটির প্রভাষক মো. ইকবাল হোসাইন এবং আল-রশিদ প্লাজার ব্যবস্থাপক মো. আমির হোসেন। এ সময় একাডেমির প্রশিক্ষক মো. ইয়াসিন ও কাউসার আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও কবি মো. দেলোয়ার।

একাডেমির পরিচালক সাংবাদিক সাইদুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি চালুর ফলে হোমনা ও আশপাশের এলাকার আগ্রহী শিক্ষার্থীরা নিজ এলাকায় জাপানি ভাষা শেখার সুযোগ পাবেন। অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পাঠদান করা হবে। পাশাপাশি জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং স্টুডেন্ট ভিসা প্রক্রিয়ায় সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও জানান, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই ফাইল প্রসেসিংয়ের সুযোগ রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫ বা তার বেশি প্রাপ্ত শিক্ষার্থীদের কোর্স ফিতে বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়া উদ্বোধন উপলক্ষে ভর্তি কার্যক্রমে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।