কুমিল্লায় ১০০ কেজি গাঁজা মামলায় দুইজনের ১০ বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দায়ের করা মাদক মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন।

Post Inside

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করা হয়।

এ ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সদর দক্ষিণ থানায় মামলা করেন। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের আদালত পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাজা পরোয়ানামূলে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি একটি যুগান্তকারী রায়। দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়নের মাধ্যমে মাদকের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন হবে। মাদক নির্মূলে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরো পড়ুন
error: Content is protected !!