কোনো বিদেশি ‘প্রেসক্রিপশনে’ বাংলাদেশে নির্বাচন হবে না- কুমিল্লায় স্থানীয় সরকারমন্ত্রী

মোঃ জহিরুল হক বাবু।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না। তিনি বলেন, ‘এ দেশ আমাদের দেশ। বিদেশিরা আমাদের ভিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি।’

আজ শনিবার সকালে কুমিল্লার লাকসামে নিহত পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আহমেদ অনিকের কোরআনখানি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

Post Inside

মন্ত্রী বলেন, ‘লাকসামে ছাত্রলীগের নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছেন ছাত্রদলের নেতারা। এ ঘটনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম দুঃখ প্রকাশ না করে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর নিন্দা জানাচ্ছি।’

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনসহ অন্যরা।

উল্লেখ্য. গত ২১ জুন ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় ইফতেখার অনিক আহত হন। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!