সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার এক যুবক নিহত

আতাউর রহমান।।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব ( ২৫ ) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক যুবক নিহত হয়েছেন। রোববার ( ৪ অক্টোবর ) সৌদি আরব সময়ের মধ্যরাতে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানা গেছে।

নিহত সজিব উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

Post Inside

সৌদি আরবে কর্মরত নিহতের সহকর্মী আল আমিন নামে এক বাংলাদেশি সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফেরানোর আশায় সজিব সুদূর প্রবাসের সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে কর্মরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন।

সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের এভাবে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তার অকাল মৃত্যুতেপরিবারসহ স্বজনরা ভেঙে পড়েছেন। আমি শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়েছি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে তথ্য পাইনি। পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন
error: Content is protected !!