স্টাফ রিপোর্টার।।
বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর কুমিল্লার বিতর্কিত সেই বিজয় মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় মেলাটির অনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করা হয়।

‘কুমিল্লায় বিজয় মেলায় ঠাঁই পায়নি ৭১ এর ‘চিহ্ন’, স্টল বাণিজ্যের অভিযোগ’ সহ বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়। এরপর টনক নড়ে জেলা প্রশাসনের।
গত ৮ ডিসেম্বর জেলা টাউন হল মাঠে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। ১৭ ডিসেম্বর পর্যন্ত মেলাটি চলার কথা ছিল। মেলায় চারু, কারু, স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্টল থাকার কথা থাকলেও এমন কোনো স্টল বসানো হয়নি।
এ ছাড়া স্টল বরাদ্দ নিয়েও নানা অনিয়মের অভিযোগ ওঠে।
এ নিয়ে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসনের কড়া সমালোচনা শুরু হয় নানা মহলে। এমন পরিস্থিতিতে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, মেলা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। তাছাড়া আরো কিছু বিতর্ক এবং অভিযোগ ছিল।
সব কিছু বিবেচনায় সোমবার রাত ৮টায় অনুষ্ঠানিকভাবে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়।