
কুবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
বুধবার (৫ মার্চ) শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব ড. মো. জুলহাস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা নিজ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর হামলায় নির্মমভাবে হত্যার শিকার হন। এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে নিহত শিক্ষকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী, শিশু ও কিশোরীদের ওপর সহিংসতা ও হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। শিক্ষক সমিতি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারাদেশে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।